জামালপুর সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ, উত্তেজনা

বকশীগঞ্জ উপজেলার সীমান্তে এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর (পুশইন) চেষ্টাকে কেন্দ্র করে বুধবার দিনভর উত্তেজনা

0

লোকসমাজ ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তে এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর (পুশইন) চেষ্টাকে কেন্দ্র করে বুধবার দিনভর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিকেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সীমান্তের দুই পাশে থাকা বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে বাংলাদেশিদের ধাওয়ার মুখে ভারতীয় নাগরিকরা সরে যেতে বাধ্য হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয়রা বাধা দিলে ওই ব্যক্তিকে শূন্যরেখায় ফেলে রেখে যায় বিএসএফ। পরে কয়েক দফা চেষ্টা চালিয়েও তাকে বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয় তারা।

এ ঘটনায় দিনভর বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করে। বিষয়টি নিয়ে উভয় বাহিনীর সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিক কোনো সমাধান হয়নি।

জামালপুর সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় দুই দেশের নাগরিকরা পাল্টপাল্টি ইট নিক্ষেপ করে- লোকসমাজ

বিকেল ৫টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি এলাকায় দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

স্থানীয় বাসিন্দা আসিফ মিয়া বলেন, “আমাদের দেখে ভারতীয়রা প্রথমে ঢিল ছুড়তে শুরু করে। পরে আমরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলি। তারা ধাওয়া দেওয়ার চেষ্টা করলে আমরা প্রতিরোধ করলে তারা সরে যায়।”

স্থানীয় এক কলেজশিক্ষার্থী ইব্রাহিম বলেন, “ভারতের চেন্নাইয়ের একজন ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে আমরা শুনেছি। আমরা এ ধরনের পুশইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং বিজিবিকে সহযোগিতা করছি।”

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “দেশের নাগরিকদের সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করার জন্য অনুরোধ জানাচ্ছি। দুই দেশের কিছু নাগরিকের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের শান্ত থাকার পাশাপাশি বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।”