রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু

0
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ; রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিট থেকে সোমবার সকালে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াটের পরীক্ষামূলক সরবরাহ শুরু হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ। রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে আবার জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও এটি এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না; মূলত পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্যেই এ সরবরাহ কার্যক্রম চালানো হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন সংবাদমাধ্যমকে জানান, সোমবার সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিড-এ বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর আগে গত মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে ৩৫০ মেগাওয়াট সরবরাহ শুরু হয়ে পরে ৩০০ মেগাওয়াটে নামানো হয় এবং টানা ৮ ঘণ্টা ৩৪ মিনিট পর তা বন্ধ করা হয়েছিল।

পরীক্ষামূলক সরবরাহ চলাকালে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতাসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে। এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষার স্বার্থে কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয়েছে; আগের দফাতেও কিছু পরীক্ষা চালানো হয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও মানদণ্ড মেনে উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক পর্যায় গত মঙ্গলবার শুরু হয়। নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ শুরুর পর পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটরসহ বিভিন্ন যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।

এসব পরীক্ষার জন্য প্রথম ইউনিট বিভিন্ন সময়ে সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে এবং উৎপাদন ও সরবরাহ কমানো-বাড়ানো হতে পারে। তবে পুরো সময়জুড়ে গ্রিডে আসা বিদ্যুৎ গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন।

পরীক্ষামূলক ধাপে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। প্রথম ইউনিট সাময়িকভাবে বন্ধ রাখা এবং সরবরাহের ওঠানামার সঙ্গে মানিয়ে নিয়ে গ্রিডের ভারসাম্য রক্ষায় পিজিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং পিডিবির কর্মকর্তারা সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে নিতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)-র লাইসেন্স ও অনুমোদন প্রয়োজন হবে। সে কারণে পরীক্ষার ফলাফলের প্রতিবেদন বায়েরার কাছে জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ এবং তাদের অনুমোদনের পর সক্ষমতা বাড়ানোর কাজ শুরু হবে।

একই সঙ্গে গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ অব্যাহত থাকবে। সক্ষমতা ১০০ শতাংশে পৌঁছাতে কয়েক মাস লাগতে পারে এবং রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

কেন্দ্রের কর্মকর্তাদের মতে, পরীক্ষামূলক উৎপাদন টানা কয়েক মাস চলতে পারে। গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হয়েছে বাংলাদেশ, যদিও পরীক্ষা-নিরীক্ষার পর পুরোদমে সরবরাহ শুরু হলে এর আনুষ্ঠানিক স্বীকৃতি আসবে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর এবং জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় বাংলাদেশের নাম ওঠে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এর পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি কোম্পানি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এবং ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত থাকা এ প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী মেয়াদ বাড়লেও প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ নেই; তবে ডলারের দাম বাড়ায় খরচ ২৬ হাজার কোটি টাকা বেড়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ব্যয় দাঁড়াবে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।