ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

0

ইবি সংবাদদাতা, লোকসমাজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ জন শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১২ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষক বিভিন্ন রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে। ওই প্রতিবেদনের বিষয়বস্তু তদন্ত করে প্রতিবেদন প্রদানের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আহ্বায়ক এবং অর্থ ও হিসাব বিভাগের উপ-হিসাব পরিচালক মো. ইসরাফুল হককে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী ড. সাজ্জাত হোসেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের পাশাপাশি বিগত সরকারের আমলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন কিংবা আন্দোলনকারীদের হুমকি প্রদানে সংশ্লিষ্ট শিক্ষকরা কোনো ভূমিকা রেখেছিলেন কি না, সে বিষয়েও অনুসন্ধান করবে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “আগামী রোববার থেকে আমরা তদন্ত কার্যক্রম শুরু করব। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা থাকবে।”

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে একটি অনলাইন গণমাধ্যমে “শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়। তবে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের জন্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।