জাহানাবাদ সেনানিবাসে ফেরার পথে দুর্ঘটনা, আহত ৪০ সেনা সদস্য ও যাত্রী

আহত সেনা সদস্যরা জানান, তারা বর্তমানে সেনাবাহিনীর প্রশিক্ষণরত সদস্য। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে যাওয়ার পর ছুটি শেষে তারা খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন।

0

লোকসমাজ ডেস্ক : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সেনা সদস্য বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনা সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়।

কুষ্টিয়ার পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, প্রশিক্ষণরত সেনা সদস্যদের বহনকারী একটি ভাড়া করা বাস বগুড়া থেকে খুলনার জাহানাবাদ সেনানিবাসের উদ্দেশে যাচ্ছিল। পথে খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম জিয়া বলে জানা গেছে।

আহত সেনা সদস্যরা জানান, তারা বর্তমানে সেনাবাহিনীর প্রশিক্ষণরত সদস্য। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে যাওয়ার পর ছুটি শেষে তারা খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। বাসটিতে মোট ৪২ জন সেনা সদস্য ছিলেন। দুর্ঘটনায় প্রায় সবাই কমবেশি আহত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সেনা সদস্যদের মধ্যে অন্তত ১০ জনকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।