শার্শায় ৭ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

0
যশোরের শার্শার রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা মূল্যের স্বর্ণের বারসহ রিপন নামে এক পাচারকারীকে আটক করেছে ২১ বিজিবি।। ছবি: সংগৃহীত

আজিজুল ইসলাম বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি ॥ ৭ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রিপন (৪১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এক অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৪০০.৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার, দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়।

উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। আটক পাচারকারী রিপন শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

আরও পড়ুন:

বিজিবির অভিযানে শার্শা সীমান্তে ৮৫ বোতল উইনিক্স সিরাপসহ মাদক কারবারি আটক

দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান এবং মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার রাখার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে ধরা হয়।

অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্যে ৩ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বার ছাড়াও ৪ লাখ টাকা মূল্যের দুটি মোটরসাইকেল, ৪০ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং ১২ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট ঘড়ি রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটককৃত স্বর্ণের বারগুলো যশোরের সরকারি ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া জব্দকৃত অন্যান্য মালামাল ও আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।