বিজিবির অভিযানে শার্শা সীমান্তে ৮৫ বোতল উইনিক্স সিরাপসহ মাদক কারবারি আটক

0
যশোরের শার্শার রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় নিষিদ্ধ উইনিক্স সিরাপসহ রওশন আলী নামের এক মাদক কারবারিকে আটক করেছে ২১ বিজিবি।। ছবি: সংগৃহীত

​আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ রওশন আলী (৫৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​২৭ সেপ্টেম্বর ভোরে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রওশন আলী শার্শা থানার গোগা ইউনিয়নের গোগা গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে।

​খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৮৫ বোতল ভারতীয় নিষিদ্ধ উইনিক্স সিরাপসহ ওই আসামীকে হাতেনাতে আটক করা হয়।

​বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদকসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে। আটক আসামীকে মালামালসহ শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।