শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন নিয়ে রহস্য থেকেই গেল

0
ছবি: সংগৃহীত।

শার্শা (যশোর) সংবাদদাতা॥ যশোরের শার্শা উপজেলার সাড়াতলা বাজারে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। গত ১৯ অক্টোবর সোমবার এ ঘটনা ঘটলেও চার দিনেও অভিযুক্ত যুবক শরিফুল ইসলাম (২৩) আটক হননি। এ ঘটনায় ওই দিন রাতেই শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

অভিযুক্ত শরিফুল ইসলাম উপজেলার ডিহি ইউনিয়নের ফুলসারা গ্রামের ইউছুফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রের দাবি, ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল অর্থের বিনিময়ে বিভিন্ন পর্যায়ে তদবির চালাচ্ছে। একই সঙ্গে প্রদর্শিত অস্ত্রটিকে খেলনা পিস্তল হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সাড়াতলা বাজারের কয়েকজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় প্রভাব বিস্তার ও সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে দিনের বেলায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেন শরিফুল। তাদের দাবি, শরিফুলের বাবা ইউছুফ আলী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হতে পারেন।

নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের ধারণা।

বাজারের এক ব্যবসায়ী ও স্থানীয় এক বিএনপি নেতা বলেন, এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে এবং দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বলে তারা মনে করছেন।

তাদের ভাষ্য, সাড়াতলা বাজারে আগে এ ধরনের ঘটনা ঘটেনি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অস্ত্র প্রদর্শনের ঘটনায় থানায় জিডি হয়েছে। অভিযুক্ত যে-ই হোক, তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।