পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি: মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

0
তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছায়নি মালিক ও শ্রমিকপক্ষ; মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা প্রস্তাব দিয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রশ্নে এখনো সমঝোতায় আসতে পারেনি মালিক ও শ্রমিকপক্ষ; মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ড-এর সভাকক্ষে অনুষ্ঠিত চতুর্থ সভা শেষে এ তথ্য জানানো হয়। দুপুর ২টায় বৈঠক শেষে ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

ওই বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় ছিল—গার্মেন্টস খাতের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং শিল্প খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ তৈরি।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। সেদিন শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।

তবে মালিকপক্ষের ওই প্রস্তাবকে অযৌক্তিক বলে মন্তব্য করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে পার্থক্য থাকায় সেদিনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। এরপর উভয় পক্ষ নিজ নিজ প্রস্তাব আরও খতিয়ে দেখে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়।

মঙ্গলবারের চতুর্থ সভাতেও দুই পক্ষের মধ্যে মতৈক্য না হওয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণের চূড়ান্ত সুপারিশ আসেনি।