৫ আগস্ট ছুটি পেলেন না দিঘলিয়ার দুই জুট মিলের ১৫০০ শ্রমিক, ক্ষোভ

0
সরকারি ছুটিতেও কাজে ১৫০০ শ্রমিক, ক্ষোভ দিঘলিয়ার দুই জুট মিলে

মো. জামাল হোসেন, খুলনা ব্যুরো, লোকসমাজ : জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হলেও খুলনার দিঘলিয়া উপজেলার দুটি পাটকলের প্রায় ১ হাজার ৫০০ শ্রমিক সেই ছুটি ভোগ করতে পারেননি বলে অভিযোগ উঠেছে। শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষের নির্দেশ ও চাকরি হারানোর আশঙ্কায় তারা ছুটির দিনেও কাজে যোগ দিতে বাধ্য হয়েছেন।

অভিযোগ অনুযায়ী, দিঘলিয়ার সেনহাটি এলাকায় অবস্থিত সাগর জুট স্পিনিং মিল এবং কোয়ালিটি ডাইভারসিফাইড জুট মিলস লিমিটেড ৫ আগস্ট বুধবারও উৎপাদন কার্যক্রম চালু রাখে। এতে সাগর জুট স্পিনিং মিলে প্রায় ১ হাজার ২০০ এবং কোয়ালিটি ডাইভারসিফাইড জুট মিলসে প্রায় ৩২০ শ্রমিক কর্মরত ছিলেন।

শ্রমিকরা জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটির বিষয়ে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। বরং কাজে অনুপস্থিত থাকলে চাকরি হারানোর আশঙ্কা থাকায় তারা নিয়মিত দিনের মতো কাজে যোগ দেন।

সরকারি ছুটিতেও কাজে ১৫০০ শ্রমিক, ক্ষোভ দিঘলিয়ার দুই জুট মিলে
সরকারি ছুটিতেও কাজে ১৫০০ শ্রমিক, ক্ষোভ দিঘলিয়ার দুই জুট মিলে- লোকসমাজ

বুধবার দুপুরে সরেজমিনে দুটি মিল এলাকায় গিয়ে দেখা যায়, সকাল ৬টা থেকে কর্মরত শ্রমিকরা শিফট শেষে বের হচ্ছেন এবং পরবর্তী শিফটের শ্রমিকরা মিলে প্রবেশ করছেন। মিলের ভেতরে শত শত নারী ও পুরুষ শ্রমিককে স্বাভাবিকভাবে কাজ করতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, “সরকারি ছুটির কথা আমরা জানতাম। কিন্তু কর্তৃপক্ষ ছুটির কোনো ঘোষণা দেয়নি। অতীতে অনুপস্থিতির কারণে চাকরি হারানোর ঘটনা ঘটেছে। তাই বাধ্য হয়েই কাজে এসেছি। অন্য প্রতিষ্ঠানের শ্রমিকরা পরিবারের সঙ্গে সময় কাটালেও আমাদের কাজ করতে হয়েছে।”

এ বিষয়ে সাগর জুট স্পিনিং মিলের প্রশাসনিক কর্মকর্তা আসাবুল হক মিল চালুর বিষয়টি স্বীকার করে বলেন, “আমরা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান। বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের গেজেট অনুযায়ী বছরে ১১ দিনের ছুটির তালিকায় ৫ আগস্টের ছুটি অন্তর্ভুক্ত নেই। বিজেএমএর সঙ্গে আলোচনা করেই মিল চালু রাখা হয়েছে।”

কোয়ালিটি ডাইভারসিফাইড জুট মিলস লিমিটেডের জেনারেল ম্যানেজার শেখ জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের প্রতিষ্ঠান উৎপাদনমুখী। কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ কোনো নির্দেশনা পাইনি। আশপাশের অন্যান্য মিলও চালু রয়েছে বলে জেনেছি। জুট মিলের প্রচলিত ছুটির তালিকায় ৫ আগস্ট অন্তর্ভুক্ত না থাকায় মিল চালু রাখা হয়েছে।”

এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত বলেন, “বিষয়টি এই প্রথম শুনলাম। দুটি মিলে কী পরিস্থিতি রয়েছে, তা খোঁজ নিয়ে দেখছি।”

উল্লেখ্য, সাগর জুট স্পিনিং মিল অতীতে শ্রমিক ছাঁটাই ও লে-অফকে কেন্দ্র করে একাধিকবার আলোচনায় এসেছে। শ্রমিকদের অভিযোগ, ২০১৫ সালের ১৩ এপ্রিল পূর্বঘোষণা ছাড়াই লে-অফ ঘোষণা করে প্রায় ৩ হাজার শ্রমিককে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। সে সময় শ্রমিকরা লে-অফ প্রত্যাহার ও মিল চালুর দাবিতে বিভিন্ন মহলে আবেদন জানালেও কার্যকর সমাধান পাননি।