ভোরে যুবক, সন্ধ্যায় নারী, ১৩ ঘণ্টার ব্যবধানে খুলনায় দুই খুন

0
খুলনায় ভোরে যুবক,সন্ধ্যায় নারী খুন
প্রচ্ছদ চিত্র এআই সহায়তায়- লোকসমাজ

লোকসমাজ ডেস্ক: খুলনা মহানগরীতে মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় এক নারীসহ দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নগরীর মিস্ত্রিপাড়া এলাকায় এক যুবক এবং সন্ধ্যায় লবণচরার জিন্নাপাড়া এলাকায় এক নারী হত্যাকাণ্ডের শিকার হন। দুটি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

নিহতরা হলেন—লবণচরার জিন্নাপাড়া এলাকার সুমন সরদারের স্ত্রী খুশি (২৫) এবং তুষার (২৭)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া বউবাজারের ৭ নম্বর গলিতে খুশিকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাঁকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, নিহত খুশির স্বামী সুমন সরদার এলাকায় ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

তবে হত্যাকাণ্ডে কারা সরাসরি জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এর আগে একই দিন ভোরে আরেক যুবক খুন

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে গুলিবিদ্ধ অবস্থায় মো. তুষার (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

একই দিনে নগরীর পৃথক দুটি এলাকায় গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটল।

তবে দুটি হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।