ফকিরহাটে ফলতিতা বাজারে আগুনে ১৩ দোকান ভস্মীভূত

0
ছবি: সংগৃহীত।

ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা ॥ ফকিরহাটে মাছ বাজারে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার মধ্যরাত ৩টার দিকে উপজেলার বড় পাইকারি মাছের আড়ত ফলতিতা বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে দুটি মিষ্টির দোকান, দুটি ভাতের হোটেল, দুটি মুদি দোকান, একটি ফাস্টফুডের দোকানসহ ১৩টি দোকান পুড়ে গেছে। এতে দোকানে থাকা নগদ টাকা, মালামাল ও প্রয়োজনীয় জিনিসপত্রও পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আরিফ শেখ, মো. বক্কার, নিমাই, রূপ সাহাসহ অন্যরা জানান, ভোর ৪টার দিকে খবর পেয়ে তারা দোকানে এসে সবকিছু পুড়ে ছাই দেখতে পান। তাদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।