ঝিকরগাছায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা(যশোর)সংবাদদাতা॥ ঝিকরগাছায় রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রহমানের বিরুদ্ধে দুই যমজ ছাত্রীকে নির্যাতন, মারধর ও শ্লীলতাহানির অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করা হয়েছে।

এ দাবিতে সংবাদ সম্মেলন করেছে খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের ঝিকরগাছা থানা শাখা ও উপজেলা ইমাম পরিষদ। এর আগে ওই দুই বোনকে শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়।

রোববার বিকেলে স্থানীয় প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক, উপজেলা কওমি মাদ্রাসা পরিষদের সাধারণ সম্পাদক, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবর হুসাইন।

লিখিত বক্তব্যে জানানো হয়, প্রায় ৬বছর ধরে পরিচালিত রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসাটি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি এক ছাত্রীর পায়ে অসাবধানতাবশত পেরেক ফুটে যাওয়া ও চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অভিভাবকদের সাথে মাদ্রাসা পরিচাল মাওলানা আব্দুর রহমানের সাথে কথা কাটাকাটি হয়।

ঘটনায় ওই ছাত্রীর অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। এসব প্রচারণা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, সংশ্লিষ্ট ছাত্রীর অভিভাবক পালিত বাবা সানোয়ার হোসেন, মা পারুল বেগম, ছাত্রী রুমি ও সুমি (১০) ইতোমধ্যে ভুল বোঝাবুঝির বিষয়টি স্বীকার করেছেন। রাগের বশে ও একটি স্বার্থান্বেষী মহল দ্বারা প্রভাবিত হয়ে তারা এ কাজটি করেছিলেন বলে অভিভাবকরা স্বীকার করেছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

পৃথক এক বক্তব্যে অভিভাবক পারুল খাতুন বলেন, ‘ভুল বোঝাবুঝি ও আবেগের বশবর্তী হয়ে পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছি। পরে বিষয়টি উপলব্ধি করে আমরা দুঃখ প্রকাশ করেছি। প্রতিষ্ঠানের মানহানি হোক, এমনটি আমরা চাই না।’

সংবাদ সম্মেলনে, উপস্থিত ছিলেন উপজেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শুকুর, সহ-সভাপতি মাওলানা ছদর উদ্দিন, সদস্য সাইফুল্লাহ আল মামুন, ইমাম পরিষদ ও কওমি মাদ্রাসা পরিষদের প্রচার ও মিডিয়া সম্পাদক মুফতি শামীম মাহমুদ, অর্থ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, ফতুয়া বিষয়ক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতি রবিউল ইসলাম, অভিভাবক রেশমা খাতুন, লিপি খাতুন, রুবিনা রহমান, হাফসা খাতুন, সাকিয়া খাতুন, শুকজান বেগম, আছিয়া বেগম।