বেনাপোল ইমিগ্রেশন ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আটক

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহরিয়ার করিমকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা বিচারাধীন রয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে আসেন শাহরিয়ার করিম। ইমিগ্রেশনের নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় তার নাম স্টপলিস্টে থাকায় তাকে আটক করা হয়।
আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা সদরের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে শাহরিয়ার করিমের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬) এর অধীনে ঝিনাইদহ থানায় মামলা নং-২০, তারিখ ৮ জুন ২০২৪ রয়েছে। মামলার ধারা ৮/৯/১০/১১/১২/১৩। এ কারণেই তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত ছিল।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, আটক শাহরিয়ার করিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম বাস্তবায়নের জন্য ঝিনাইদহ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ এলে তাদের কাছে সোপর্দ করা হবে।