নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ: এনামুল হত্যা মামলার দুই আসামি আটক

0
এনামুল হত্যা মামলা

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মণিরামপুর উপজেলার শরণপুর গ্রামে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজমিস্ত্রি এনামুল হোসেন হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে র‌্যাব-৬, যশোর।

বুধবার দিবাগত রাত ১২টার পর যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় রজনীগন্ধা তেলের পামসংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এনামুল হত্যা মামলা
এনামুল হত্যা মামলায় আটক দুই জন- লোকসমাজ

আটকরা হলেন মামলার এজাহারভুক্ত আসামি একই গ্রামের রাব্বি ও রাকিব। নিহত এনামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা সায়রা পরিবহনের একটি বাসে করে যশোরে ফিরছেন। পরে কিসমত নওয়াপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, গত ৯ জুন রাত ৯টার দিকে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরণপুর গ্রামে এনামুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে স্থানীয় একদল যুবকের সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

হামলার পর গুরুতর আহত অবস্থায় এনামুল হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।