যশোরে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় একটি বসতবাড়ির পাশ থেকে লাল রঙের টেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আটটার দিকে আরবপুর ইউনিয়নের বাসিন্দা আশিকুর রহমানের বসতবাড়ির খড়ির ঘরের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে আশিকুর রহমানের স্ত্রী ঘরসংলগ্ন খড়ি রাখার স্থানে লাল টেপে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি প্রতিবেশী বাচ্চু মিয়াকে জানান। এরপর বাচ্চু মিয়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এবং সেখান থেকে বস্তুটি নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, কে বা কারা কী উদ্দেশ্যে ওই বাড়িতে ককটেলসদৃশ বস্তুটি রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।