যশোরে খাবারে চেতনানাশক মিশিয়ে ডাকাতির চেষ্টার সময় আটক ১

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সিরাজসিঙ্গা মোসলেম মোড় এলাকায় একটি বাড়িতে ডাকাতির চেষ্টাকালে মিন্টু গাজী নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতির আগে সুকৌশলে ওই বাড়ির রান্না করা খাবারে চেতনানাশক মেশানো হয়েছিল। আটক মিন্টু গাজী যশোরের মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের মথুরাপুর গ্রামের আলাউদ্দিন গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সিরাজসিঙ্গা মোসলেম মোড় এলাকার মতিউর রহমানের বাড়িতে প্রবেশ করে।

এর আগে তারা বাড়ির লবণ, হলুদ ও রান্না করা মাংসে চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন বা অসুস্থ করে ফেলার পরিকল্পনা করেছিল। পরে পরিবারের সদস্যরা অস্বাভাবিক ও অসুস্থ বোধ করলে তাদের সন্দেহ হয়। তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তারা সতর্ক অবস্থানে থাকেন।

একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা মূল গেটের তালা খোলার চেষ্টা করলে বিষয়টি টের পান বাড়ির বাসিন্দা জাকারিয়া হোসেন শান্ত। এ সময় ডাকাত দলের সদস্যরা তার মাথায় অস্ত্র ঠেকিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।

তবে সাহসিকতার পরিচয় দিয়ে শান্ত কৌশলে লাঠি দিয়ে আঘাত করলে মিন্টু গাজী মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হলে সুযোগ বুঝে ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীনেশ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি আটক মিন্টু গাজীকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যান।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।