স্বল্প সুদে ঋণ সুবিধা বাড়াতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা, তৈরি হবে ৫ হাজার উদ্যোক্তা

0
স্বল্প সুদে ঋণ সুবিধা বাড়াতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা, তৈরি হবে ৫ হাজার উদ্যোক্তা

লোকসমাজ ডেস্ক: ব্যাংকঋণের উচ্চ সুদহারের চাপ কমিয়ে উদ্যোক্তাদের স্বল্প সুদে অর্থায়নের সুযোগ দিতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করে মোট ৫ হাজার তরুণ উদ্যোক্তা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাজশাহী নগরের ভেড়িপাড়া মোড় এলাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

বেসরকারি খাতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার এবং বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এতে রাজশাহীর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, চেম্বার প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তর ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী কার্যালয়ের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার।

গভর্নর বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশ। এত উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করা উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ কারণে বিভিন্ন প্রণোদনা প্যাকেজের মাধ্যমে স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে উদ্যোক্তাদের আর্থিক চাপ কমে এবং বিনিয়োগ বাড়ে।

তিনি জানান, দেশের তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোগ’ নামে একটি বিশেষ স্কিম চালুর পরিকল্পনা রয়েছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করা হবে। মোট ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে স্কিমটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী নভেম্বর থেকে এর কার্যক্রম শুরু হওয়ার কথা।

কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করতে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করছে উল্লেখ করে গভর্নর বলেন, প্রকৃত ও প্রান্তিক কৃষকদের কাছে এ সুবিধা পৌঁছে দিতে প্রচলিত জমি বা স্থাবর সম্পত্তির জামানতের পরিবর্তে বিকল্প জামানত ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এতে কৃষকদের অর্থায়ন পাওয়ার সুযোগ আরও বাড়বে।

মো. মোস্তাকুর রহমান বলেন, দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে উত্তরবঙ্গের কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির পুরো শৃঙ্খলকে শক্তিশালী করা প্রয়োজন। এ ক্ষেত্রে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ব্যাংকের এসব উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ, কৃষকদের ঋণপ্রাপ্তি সহজ করা এবং কৃষিপণ্যের উৎপাদন ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি বেসরকারি খাতে অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।