সুন্দরবনের তিন বনদস্যুর আত্মসমর্পণ

জিম্মি এক জেলে উদ্ধার

0

বাগেরহাট সংবাদদাতা,  লোকসমাজ : অস্ত্র ও গুলি জমা দিয়ে সুন্দরবনের বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তিন জন কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার সকালে মোংলার কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরে এসে তারা আত্মসমর্পণ করেন।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য অস্ত্র ও গুলিসহ আত্মসমর্পণ করেছেন। এ সময় দস্যুরা তাদের কাছে থাকা ২ টি দেশি একনালা বন্দুক, ১ টি পাইপগান, ৪০ রাউন্ড তাঁজা গুলি ও ১টি ওয়াকিটকি জমা দেন। এসময় এই দস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করা হয়।

আত্মসমর্পণকারী দস্যু  আলামিন হোসেনের (৪০) বাড়ি বাগেরহাটের মোংলায়,  তৈবুর রহমানের (২৪) বাড়ি সাতক্ষীরায় এবং মনিরুজ্জামান মামুনের (২০) খুলনায়।

ওই কর্মকর্তা আরো জানান, বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনের সাধারণ জেলে, মৌয়াল ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

এর আগে গত ২১ মে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু সুমন বাহিনী প্রধান সুমনসহ ৭ দস্যু ৫টি অস্ত্র ও ২৫ রাউন্ড গুলি নিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারী থেকে এ পর্যন্ত ৪৯ টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩১৬ রাউন্ড তাঁজা গুলি, ১০৮ রাউন্ড ফাঁকা গুলি, ১৯৪ রাউন্ড এয়ারগান গুলি ও ২টি ওয়াকি-টকি উদ্ধারসহ ৪২ জন বনদস্যুকে আটক করা হয়েছে। এ সময় দস্যুদের কাছে জিম্মি থাকা ৪১ জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান শেষে নিরাপদে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।