কেশবপুরে বিএনপি নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দ। রোববার বিকেলে মজিদপুর ইউনিয়নের বায়সা মন্দির পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর শাখার সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, মজিদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বায়সা ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুর রহমান মিলনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় মন্দিরের সভাপতি অনুজ তরফদার ঝন্টুসহ মন্দির পরিচালনা কমিটির সদস্য, পূজারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্দির পরিদর্শনকালে আলহাজ আবুল হোসেন আজাদ বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে বসবাস করতে হবে। সামাজিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।