মহেশপুর সীমান্তে বিদেশি পিস্তল গুলি ও মাদক উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা।

রোববার ভোর ৫টার দিকে উপজেলার কাজিরবের ইউনিয়নের পাকরাইল গ্রাম থেকে ১টি বিদেশি পিস্তল ২ রাউন্ড গুলি ও ৩০ বোতল ভারতীয় মাদক এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভারতের ভেতর পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিক্তিতে সামন্তা ক্যাম্পের হাবিলদার এসএম মনজুরের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় শূন্য লাইন থেকে বাংলাদেশের ১৫০ গজ ভেতরে পাকরাইল গ্রামের কবরস্থানের কাছে সন্দেভাজন এক চোরাকারবারীকে ধাওয়া করে বিজিবি। ধাওয়া খেয়ে চোরাকারবারীর হাতে থাকা একটি ব্যাগ ফেলে রেখে শূন্য রেখা পার হয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ব্যাগে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল,২ রাউন্ড গুলি ও ৩০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধার অবৈধ অস্ত্র, গুলি ও মাদক মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।