শার্শায় টাকা ও সরঞ্জামসহ ৩ প্রতারক আটক

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ শার্শায় পুলিশের অভিযানে প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বাগুড়ি এলাকার মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বাগুড়ি গ্রামের মো. আক্কাস আলী মাস্টারের ভাড়া বাড়িতে প্রতারক চক্রের কয়েকজন সদস্য অবস্থান নিয়ে অপরাধমূলক কর্মকান্ডের প্রস্ততি নিচ্ছে এমন সংবাদের শার্শা থানার এসআই মো. মোস্তাক আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। রাত ১২টা ৫০ মিনিটের দিকে ওই বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার বালাকান্দা গ্রামের আয়ুব আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৫০), একই থানার পাঁচ কাহনিয়া গ্রামের মৃত আমীন উদ্দীন তরফদারের ছেলে মো. বকুল হোসেন (৫০) ও যশোরের শার্শা থানার রামপুর (গোলদারপাড়া) গ্রামের মৃত ছাফেদ আলী মন্ডলের ছেলে মো. রেজাউল হোসেন (৬০)।

এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, ৩টি স্মার্টফোন, ১ হাজার টাকার নোটের সাইজের ৮টি কাচের টুকরো, ২টি লাল কাপড়, লাল রঙের সুতো ও ১টি নীল রঙের হ্যান্ডব্যাগ জব্দ করা হয়।

শার্শা থানা পুলিশ জানায়, আটকরা দীর্ঘদিন ধরে নানা কৌশল অবলম্বন করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছিল।

জব্দ কাচের টুকরো, লাল কাপড় ও সুতো প্রতারণার বিশেষ কৌশল বা ছদ্মবেশ হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।