ঝিকরগাছায় একাধিক হত্যা মামলার আসামি সাকার লাশ উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বাওসো গ্রামে একাধিক হত্যা মামলার আসামি বাহিনী প্রধান হিসেবে পরিচিত সাখাওয়াত হোসেন ওরফে সাকার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে বাওসো বেতনা নদীর পাড়সংলগ্ন মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের কৃষিজমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঝিকরগাছা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সাকার বিরুদ্ধে বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের আলাউদ্দিন কসাই ও নির্বাসখোলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রবিউল ইসলামসহ একাধিক হত্যা মামলা ছিলো।

নিহত সাখাওয়াত হোসেন ওরফে সাকা বাওসো গ্রামের মৃত বেলা গাজীর ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি একসময় দক্ষিণ ঝিকরগাছা এলাকায় একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিতেন এবং দীর্ঘদিন ওই এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন।

ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী নেহার বানু (৪৫) ও ছেলে অভি হোসেন (১৮)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং চলমান তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।