বাগেরহাটের কচুয়ায় বসতঘর থেকে মা-নানীসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

0

বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের কচুয়া উপজেলায় বসতঘর থেকে মা, নানী ও ছেলেসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), তার মা মনিরা বেগম (৬০) এবং নানী রাশিদা বেগম (৯৩)।
পুলিশ জানায়, নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহে পচন ধরায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক থেকে দুই দিন আগেই তাদের হত্যা করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিবেশীরা বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতরে আরও দুইজনের মরদেহ উদ্ধার করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কচুয়া থানার এসআই মাহমুদ হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়িটি মূল সড়ক থেকে কিছুটা ভেতরে হওয়ায় এবং লোকজনের যাতায়াত কম থাকায় ঘটনাটি দেরিতে নজরে আসে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটে থাকতে পারে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।”
পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।