যশোর নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ৪ বছরের শিশু নিখোঁজ

0
যশোরের অভয়নগরে ভৈরব নদের নওয়াপাড়া পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় গোসল করতে নেমে জুনায়েদ নামের চার বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি ও উদ্ধারকারী দল তাকে উদ্ধারে কাজ করছে।। ছবি: লোকসমাজ

​স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ ভৈরব নদে গোসল করতে নেমে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ৪ বছরের শিশু জুনায়েদ নিখোঁজ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া ভৈরব নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে।

"বড় ভাইয়ের সাথে নদে গোসল করতে নেমে
শিশুটি পানিতে তলিয়ে যায়, খবর পাওয়ার পর
ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে।"
— 
স্থানীয় প্রত্যক্ষদর্শী

নিখোঁজ শিশু জুনায়েদ অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের বাসিন্দা শহিদুল গাজীর ছেলে। স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে শিশু জুনায়েদ তার বড় ভাইয়ের সঙ্গে পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় ভৈরব নদে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে নদীর পানিতে নেমে হঠাৎ স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

ছোট ভাইকে নদীর পানিতে তলিয়ে যেতে দেখে সাথে থাকা বড় ভাই ও স্থানীয়রা চিৎকার শুরু করেন। পরে প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি নওয়াপাড়া ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করেন। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদের পানিতে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।

"ঘটনার খবর পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের টিম 
ঘটনাস্থলে গিয়ে নদে তল্লাশি চালানো শুরু করেছে,
অভিযান অব্যাহত আছে।" 
— 
নওয়াপাড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভৈরব নদে শিশু জুনায়েদকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে শিশুটির নিখোঁজের খবরে নওয়াপাড়া পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় জমিয়েছেন এবং নিখোঁজের পরিবারে চরম শোক ও আহাজারি চলছে।