সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

0
ক্যান্টনমেন্টে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাবেক সেনাসদস্য মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি।। ছবি: সংগৃহীত

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় করা মামলায় সাবেক সেনাসদস্য (অবসরপ্রাপ্ত মেজর জেনারেল) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি গুলশান বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে উক্ত মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল সাতে।

ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বরের ‘নিউগিনি প্রপার্টিজ লিমিটেড’ আবাসন প্রকল্প এলাকায় অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ স্টুডিওতে অবৈধ প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এই মামলা পরিচালনা করা হচ্ছে।

"সেগুনবাগিচা থেকে সাবেক সেনা কর্মকর্তাকে
 গ্রেপ্তার করা হয়েছে; এ নিয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে
 হামলার ঘটনায় মোট ৭ জন গ্রেপ্তার হলেন।" 
— 
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স

ডিএমপি সূত্রে জানানো হয়, মামলায় জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছে।

এদিকে, একই মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামি মামুন (৩২), আসলাম (২৪) ও মুন্নাকে (২৯) তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ রিমান্ড মঞ্জুরের বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব: ১ ঘণ্টার মধ্যে লেনদেনের বিবরণ চেয়েছে বিএফআইইউ

 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় আনুমানিক ৫০ জন দুষ্কৃতকারী দলবদ্ধ হয়ে বেআইনিভাবে প্রবেশ করে। এ সময় তাঁরা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলায় মেতে ওঠে।

হামলায় সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা প্রকল্প এলাকায় থাকা গাড়ি ভাঙচুরের পাশাপাশি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউন ফিশ’-এ জোরপূর্বক প্রবেশ করে তাণ্ডব চালায়।

"মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড
 আবেদন করেছিলেন, শুনানি শেষে আদালত
৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।"
—
হারুণ অর রশিদ, রাষ্ট্রপক্ষের আইনজীবী

অভিযোগে আরও উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা প্রকল্প এলাকা ও স্টুডিও থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি ক্যাবল, ক্যামেরা ও প্রফেশনাল মিডিয়া ইকুইপমেন্ট লুট করে নিয়ে যায়। বাদী প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, হামলায় তাঁদের আনুমানিক ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি ও লুটপাট করা হয়েছে।

ঘটনার সময় তথ্য পেয়ে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি বর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ সে সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে আলামতসহ কয়েকজনকে দেশীয় অস্ত্র ও গুলির খোসাসহ গ্রেপ্তার করে।

উল্লেখ্য, এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটিতে ইতিপূর্বে একাধিক আসামি গ্রেপ্তার হলেও তদন্তের স্বার্থে অভিযান জোরদার রেখেছে পুলিশ।