কুষ্টিয়ায় বিএনপির সভায় অনিন্দ্য ইসলাম অমিত: পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

0
কুষ্টিয়ায় বিএনপির সভায় অনিন্দ্য ইসলাম অমিত

লোকসমাজ ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘পরাজিত শক্তি’ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাঁর দাবি, ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেনি, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরও সেই শক্তির গণতন্ত্রের প্রতি আস্থা তৈরি হতে সময় লাগছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের ‘পরাজিত শক্তির’ মধ্যে ঐক্য নতুন নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ ধরনের সমীকরণ একাধিকবার দেখা গেছে। তিনি অভিযোগ করেন, মাত্র সাত মাস বয়সী সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে নানা ঘটনা ঘটানো হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, কুষ্টিয়া মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা। এ অঞ্চলের রাজনৈতিক বাস্তবতায় সবাইকে আরও সতর্ক থাকতে হবে। তিনি বিএনপির নেতাকর্মীদের জনসম্পৃক্ত কর্মসূচি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, দলের সাংগঠনিক অবস্থান জনগণের কাছে আরও দৃশ্যমান করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি উপজেলা, পৌরসভা, ওয়ার্ড এবং ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারকেন্দ্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে। এতে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

সভায় তৃণমূল পর্যায়ের নেতারা দলের অভ্যন্তরীণ অনৈক্য ও বিভেদের বিষয় তুলে ধরেন এবং সাংগঠনিক ঐক্য জোরদারের আহ্বান জানান।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব প্রভা চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।