কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

পুশ-ইনের চেষ্টা করা ১২ জনের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে

0
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা

লোকসমাজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসীর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, পুশ-ইনের চেষ্টা করা ১২ জনের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে। তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের প্রবেশে বাধা দেয়।

বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছেন। তাদের যেন কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ কাজে স্থানীয় সীমান্তবাসীরাও সহযোগিতা করছেন।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ভোরে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবির যৌথ উদ্যোগে তাদের প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বর্তমানে ভারতীয় সীমান্ত এলাকায় অবস্থান করছেন।

তিনি আরও জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রেখে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।