দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী লাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়ক

0
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় শৈলকুপায় লাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়কে গর্ত ও কাদা-পানিতে দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে; অর্থ বরাদ্দ এলে সংস্কারের কথা জানিয়েছে এলজিইডি।। ছবি: সংগৃহীত

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ)॥ সংস্কার না হওয়ায় দীর্ঘ দিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের প্রধান সড়ক। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে কাদা ও পানি জমে একাকার হয়ে যাচ্ছে, ফলে পথচারী, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

লাঙ্গলবাঁধ বাসস্ট্যান্ড থেকে গড়াই নদীর ঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং বৃষ্টির দিনে গর্তে পানি জমে থাকায় কোথায় কত বড় গর্ত রয়েছে তা বোঝার উপায় থাকছে না; এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন চালক ও সাধারণ মানুষ।

লাঙ্গলবাঁধ বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী লুৎফর রহমান জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায় এবং এতে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের চলাচলে চরম অসুবিধা হয়। ভ্যানচালক রফিক আহমেদ বলেন, রাস্তাটি এতটাই খারাপ হয়ে গেছে যে ভ্যান নিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে, প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে এবং অনেক সময় গর্তে চাকা পড়ে ভ্যান উল্টে যাওয়ার উপক্রম হয়।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশা দীর্ঘদিন ধরে চললেও সংস্কারের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান জানান, অর্থ বরাদ্দ এলেই রাস্তাটির সংস্কার করা হবে। এদিকে জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে লাঙ্গলবাঁধ বাসস্ট্যান্ড থেকে গড়াই নদীর ঘাট পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের জন্য এলজিআরডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।