জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’, উপদেষ্টা পরিষদে আসিফ ও সারজিসসহ ৫ এনসিপি নেতা

0
জুলাই যোদ্ধাদের নিয়ে 'জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স' নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এতে উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদ ও সারজিস আলম।। ছবি: সংগৃহীত

জুলাই যোদ্ধাদের নিয়ে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স নামের একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটেছে। এই সংগঠনের তিন সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আংশিক কমিটিতে মো. সালমান হোসেনকে সভাপতি, হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক এবং মুস্তাইন বিল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সদ্যঘোষিত এই সংগঠনের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচজন কেন্দ্রীয় নেতা।

আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর এই কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স মূলত এনসিপির একটি সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। সদ্য গঠিত এই সংগঠনটির সভাপতি মো. সালমান হোসেন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান—দুজনেই গত মে মাসে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন।

এনসিপির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঘোষিত এই আংশিক কেন্দ্রীয় কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের দায়িত্ব পালন করবে।

সংগঠনটির পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া অন্য তিনজন হলেন এনসিপির সংসদ সদস্য মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম এবং দলটির অন্যতম নেতা আরমান হোসাইন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়েই জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।