ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে ঘুরছিল ৬ বছরের নয়ন, পরিবারের খোঁজে সরকারি শিশু পরিবারে আশ্রয়

0
যশোরের ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে উদ্ধার ৬ বছরের শিশু নয়ন হোসেনের পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে। সে বাবার নাম চান মিয়া ও মায়ের নাম চম্পা বললেও ঠিকানা বলতে পারছে না। বর্তমানে তাকে সরকারি শিশু পরিবারে রাখা হয়েছে।। ছবি: লোকসমাজ

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর):

ঝিকরগাছায় হারিয়ে যাওয়া শিশু নয়ন হোসেনের (৬) পরিবারের সন্ধান মিলছে না। বাবা-মায়ের নাম বলতে পারলেও সুনির্দিষ্ট ঠিকানা বলতে না পারায় শিশুটিকে ঝিকরগাছা সরকারি শিশু পরিবার (বালক)-এ হস্তান্তরের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৪ অক্টোবর) রাত প্রায় ৮টার দিকে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে শিশুটিকে বেশ নাজুক অবস্থায় বসে থাকতে দেখেন মোবারকপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে নুরুল হুদা। শিশুটির কাছে ঠিকানা জানতে চাইলে সে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। পরে নুরুল হুদা তাকে নতুন পোশাক কিনে দিয়ে নিজ বাড়িতে নিয়ে রাখেন।

পরবর্তীতে বিষয়টি ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহকে জানানো হলে তিনি শিশুটিকে তাঁর কার্যালয়ে নিয়ে আসার পরামর্শ দেন। সেখান থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিশুটিকে ঝিকরগাছা সরকারি শিশু পরিবার (বালক)-এ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

নুরুল হুদার কোলে শিশু নয়ন হোসেন ।। ছবি: লোকসমাজ

কথা বলে জানা গেছে, শিশুটি নিজের নাম নয়ন হোসেন, বাবার নাম চান মিয়া এবং মায়ের নাম চম্পা বলে জানিয়েছে। গ্রামের নাম ‘সাততারা’ এবং নোয়াখালী জেলা বা ঢাকার কথা উল্লেখ করলেও সে পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারছে না। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছোট। শিশু নয়নের দাবি, শুধু ‘ভাত চাওয়ায়’ তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল।

বর্তমানে শিশুটি সরকারি শিশু পরিবারের আশ্রয়ে রয়েছে। তার প্রকৃত স্বজনদের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। শিশুটির বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৩০৯১৯২৩৭৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।