অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

0
সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।। ছবি: সংগৃহীত

অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হওয়ার পর যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এই ক্ষেত্রেও একই আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের সার্বিক কার্যক্রম জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তা করার অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন। এসব প্রশ্নের জবাব দিতে গিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এই কথা জানান।

উল্লেখ্য, গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন লোক উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন এবং তাঁকে উদ্দেশ করে ‘হোয়াই ইউ কাম হেয়ার’সহ নানা ধরনের অপবাদসূচক কথা বলে চিৎকার করছেন। রাজনৈতিকভাবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থকের বিরুদ্ধে তাঁকে এভাবে নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তা করার অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান স্পষ্ট করে বলেন, ‘অবশ্যই এই অপরাধ যাঁরা করছেন, আমাদের অভিনেত্রী (আজমেরী হক বাঁধন) যে হেনস্তার শিকার হয়েছিলেন, তার পর থেকে যে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে, আমি সেটার ব্যাপারে জানি। সুতরাং এ ক্ষেত্রেও এটা হবে। বিদেশে বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলতে চাই, তাঁরা যদি এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, এটা আনচ্যালেঞ্জ যাবে না, প্রশ্নই আসে না।’ উল্লেখ্য, এর আগে গত মাসে ইতালিতে হেনস্তার শিকার হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

একই সঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে মর্যাদা ও নিরাপত্তা প্রটোকল পাওয়ার কথা, সেখানে কোনো প্রকার ঘাটতি তৈরি হয়েছে কি না, তা সরকার খতিয়ে দেখবে।

অন্যদিকে, রাজনৈতিক পুনর্মিলন (রিকনসিলিয়েশন) সম্পর্কে এক প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে অনুতাপের অভাব এবং বিভিন্ন সময়ে তাঁদের দেওয়া হুমকির বিষয়টি সামনে আনেন জাহেদ উর রহমান। তিনি বলেন, এই প্রেক্ষাপট বিবেচনা করে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা তিনি ব্যক্তিগতভাবে একেবারেই দেখেন না।