যশোরে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ময়লা-আবর্জনা ফেলা নিয়ে গ্যারেজ শ্রমিকদের হামলায় রক্তাক্ত জখম হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া ৮১ নম্বর নলডাঙ্গা রোড এলাকায় তার নিজ বাড়ির পাশে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। আহত শিল্পী শমু চৌধুরী (৬০) ওই এলাকার বাসিন্দা।

ঘটনার বিষয়ে আহত অভিনেতা শমু চৌধুরী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পাশে মোটরসাইকেল গ্যারেজের সামনে ময়লা-আবর্জনা ফেলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে গ্যারেজের কর্মচারীদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) পাশে থাকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার পর তিনি নিজ বাসায় ফিরে যান।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, সমু চৌধুরী একটি অভিযোগ দিয়েছেন। এটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়ায় আছে।