যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও অগ্নিকাণ্ড মোকাবিলায় বাস্তব মহড়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকাল ১০টায় যশোর কালেক্টরেট চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং রেড ক্রিসেন্টের প্রতিনিধিরা অংশ নেন।

ছবি: লোকসমাজ।

র‌্যালিতে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার এস এম সিরাজুস সালেহীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুস সালাম, সিনিয়র স্টেশন অফিসার রেজাউল করিম এবং ইন্সপেক্টর লুৎফর রহমান।

এ ছাড়া ‘বাঁচতে শেখা’র প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায় ও সদর উপজেলা উপসহকারী প্রকৌশলী উত্তম কুমার বিশ্বাসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবসটির কর্মসূচির অংশ হিসেবে র‌্যালি শেষে অগ্নিকাণ্ড মোকাবিলা ও উদ্ধার কার্যক্রমের ওপর একটি বাস্তব মহড়া প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং রেড ক্রিসেন্টের সদস্যরা মহড়ায় অংশ নেন। এতে অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা, বিপদগ্রস্ত ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং জীবন ও সম্পদ রক্ষার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয় এবং নিরাপদে আশ্রয় নেওয়ার বিষয়ে বাস্তব ধারণা অর্জন ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক হতে পারে।

ছবি: লোকসমাজ।

র‌্যালি শুরুর আগে বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও প্রস্তুতিও জরুরি। দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকা এবং জরুরি মুহূর্তে করণীয় সম্পর্কে জানা থাকলে প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমানো সম্ভব।

র‌্যালি ও মহড়ার মধ্য দিয়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম এবং জীবন-সম্পদ সুরক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।