ঢাকায় ৫৭ ভরি সোনা ছিনতাই মামলায় বাঘারপাড়ার যুবক গ্রেফতার

ডিবি পুলিশ পরিচয়ে লুটের ঘটনায় আন্তঃজেলা চক্রের সদস্য দাবি পুলিশের

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ রাজধানীর ওয়ারী থানার আলোচিত স্বর্ণালংকার ছিনতাই ও ডাকাতির মামলায় যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের আফজাল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ৬ জুন রায়পুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আফজাল রায়পুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইছা মেম্বারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মে রাতে রাজধানীর নবাবপুর রোড এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী ও তার ম্যানেজার ব্যবসা শেষে ৫৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। পথে একদল ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে।

অভিযোগ অনুযায়ী, পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের একটি মাইক্রোবাসে তুলে চোখ-মুখ বেঁধে ফেলা হয়। এরপর স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে ভুক্তভোগীদের কমলাপুর এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ওয়ারী থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের কয়েকজন সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আফজাল হোসেনসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও লুণ্ঠিত মালামালের অংশ উদ্ধার করা হয়েছে।

জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ১৭ ভরি গলানো সোনা, সোনা বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, একটি খেলনা পিস্তল, ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট, দুটি ওয়াকিটকি সেট, এক জোড়া হ্যান্ডকাফ, লাঠি, ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং একটি মাইক্রোবাস।

তবে মামলার তদন্ত চলমান থাকায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।