অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকাণ্ডে সন্দিগ্ধ আটক, আজ নওয়াপাড়ায় হরতাল

মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে আজ বুধবার নওয়াপাড়া নৌবন্দরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর): যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিসুর রহমান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মনির হোসেন নামে এক যুবককে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন হাজিপাড়া এলাকার মাঠসংলগ্ন স্বপ্ননীড় নামে একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে তাকে অভয়নগর থানায় আনা হয়।
অপরদিকে, এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে আজ বুধবার নওয়াপাড়া নৌবন্দরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

অভয়নগরের ব্যবসায়ী আনিসুর হত্যাকাণ্ডে আটক সন্দিগ্ধআটক মনির হোসেন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে। তিনি নওয়াপাড়া পীরবাড়িতে খাদেম হিসেবে কাজ করতেন।
মঙ্গলবার দুপুরে অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, “নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান হত্যাকাণ্ডে মনির হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে চট্টগ্রামের ডাবলমুরিং থানা এলাকা থেকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।”
জানা গেছে, গত বুধবার (৬ মে) সন্ধ্যায় অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ি মসজিদের সামনে আনিসুর রহমান তার নির্মাণাধীন ছয়তলা ভবন ‘আনিস ট্রেড ভ্যালি’র ম্যানেজার রেজাউল ইসলামের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পীরবাড়ির শাহ মো. জোনায়েদের ছেলে শাহ মো. মাহমুদ ও তার সহযোগী নাসিরসহ ২/৩ জন অস্ত্রধারী পূর্বপরিকল্পিতভাবে ভবনের ভেতরে প্রবেশ করে।
একপর্যায়ে শাহ মো. মাহমুদ তার কাছে থাকা একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিসুর রহমানের মুখের বাম পাশে কোপ দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে শাহ মো. মাহমুদ, তার সহযোগী নাসিরসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত আনিসুর রহমান নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবং আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন।
এদিকে, হত্যাকাণ্ডের এক সপ্তাহ পার হলেও মূল আসামিকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। সোমবার রাতে নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সার ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন, ব্যবসায়ী নেতা মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা এবং জামায়াতের উপজেলা আমির সরদার শরীফ হোসেনসহ অন্যান্য নেতারা।