মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে জামাই গোলাম রহমানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুর তরিকুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত গোলাম রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হুদারাড়ী পাড়া গ্রামের কারী গোলামের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের মৃত গাজী আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হোসেন জানান, গত সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন গোলাম রহমান। একাধিক বিয়ে এবং যৌতুক দেওয়ার পরও মেয়ের ওপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে তরিকুল ইসলামের সঙ্গে তাঁর মনোমালিন্য চলছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর জেরে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ক্ষিপ্ত হয়ে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে গোলাম রহমানকে এলোপাতাড়ি কোপান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সকাল ৬টা ৫০ মিনিটের দিকে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার এবং অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বলেন, ঘটনার পর অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে জানানো যাবে।