সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ সংসদ সদস্যের শপথ সম্পন্ন

0
সংসদ ভবনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান

লোকসমাজ ডেস্ক॥ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রোববার রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। শপথ গ্রহণের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়।
শপথ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের অভিনন্দন জানান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত রাখতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সদস্যের গেজেট প্রকাশ করে। রাজনৈতিক দল ও জোটের আসন বণ্টনের ভিত্তিতে তারা নির্বাচিত হন।
গেজেট অনুযায়ী, বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্রভাবে ১ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন—সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, নিপুণ রায় চৌধুরী, মাহমুদা হাবীবা, সানজিদা ইসলাম, ফাহমিদা হকসহ আরও অনেকে।
জামায়াত জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।
এছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।
এদিকে, সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গত শনিবার বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে আইনি প্রক্রিয়া ও আপিল সংক্রান্ত জটিলতার কারণে তার নাম গেজেটে অন্তর্ভুক্ত হয়নি বলে জানিয়েছে ইসি। ফলে তিনি শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।