যশোর মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও বৃক্ষরোপণ

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারাদেশের ১১২টি মেডিকেল কলেজে একযোগে আয়োজিত এই প্রোগ্রামের প্রথমাংশে অনলাইনে যুক্ত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

পরবর্তীতে যশোর মেডিকেল কলেজে স্থানীয় আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি তাঁর বক্তব্যে চিকিৎসা পেশার সেবামূলক আদর্শ ও নৈতিকতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সুবিধা প্রদানে সহায়তার প্রত্যয় ব্যক্ত করেন।

যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মো. আহসান হাবিব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ২২ জন ছাত্র, ৭৮ জন ছাত্রী এবং তাদের অভিভাবকসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন পর্বে কলেজের পরিচিতি ও শিক্ষক-শিক্ষার্থীদের পরিচিতি শেষে নবীনদের এপ্রোন প্রদান এবং দিক-নির্দেশনামূলক নির্দেশিকা সরবরাহ করা হয়। এরপর শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয় এবং ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা নিজ নিজ অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম মেডিকেল কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন। তাঁর সাথে প্রথম বর্ষের দুজন শিক্ষার্থীও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। কলেজের বাকি ৯৮ জন শিক্ষার্থীও পর্যায়ক্রমে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করবেন বলে কলেজ সূত্রে জানানো হয়েছে।