যশোরে সিরিজ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
যশোরে ১৭ গ্রামকে জলাবদ্ধতামুক্ত করতে ‘সিরিজ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন।। ছবি: লোকসমাজ

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক শার্শার উলাশী খাল পুনঃখনন উদ্বোধনের পাঁচ দিনের মাথায় যশোরে আরও একটি খালের খনন কাজ শুরু হয়েছে। শনিবার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে ৩ হাজার মিটার দীর্ঘ ‘সিরিজ খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে এই কাজের সূচনা করার পর খাল পাড়ে বৃক্ষরোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় সিরিজ খালের এই খনন কাজ শুরু হলো, যার ফলে অত্র এলাকার ১৭টি গ্রাম দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। তিনি আরও উল্লেখ করেন যে, এর ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতির ভিত মজবুত হবে।

২০২৫-২৬ অর্থবছরে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র (EGPP) আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ৩ কিলোমিটার দীর্ঘ এই খালের পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা এবং এটি দৈনিক মজুরির ভিত্তিতে সম্পন্ন করা হবে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।