সুনামগঞ্জে আবার বজ্রসহ বৃষ্টি: ধান কাটা ও শুকানো নিয়ে চরম ভোগান্তিতে হাওরের কৃষক

0
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই পানিতে তলিয়ে থাকা ধান কেটে নৌকায় নিয়ে উঁচু জমির দিকে ফেরেন দুই কৃষক।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

সুনামগঞ্জে চার দিনের টানা দুর্যোগের পর দুই দিনের স্বস্তি মিললেও শুক্রবার রাত থেকে পুনরায় শুরু হওয়া বজ্রসহ বৃষ্টিতে নতুন করে চরম ভোগান্তিতে পড়েছেন হাওরের কৃষকেরা। শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অব্যাহত থাকা এই বৃষ্টিতে হাওরে ধান কাটা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি রোদের অভাবে মাড়াই করা ধান শুকাতে না পেরে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও উজানের পাহাড়ি ঢল কম থাকায় সুরমা নদীর পানি সামান্য কমেছে, তবে হাওরে জমে থাকা পানি কৃষকদের ধান কাটায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সতর্ক করে জানিয়েছেন, ভারী বৃষ্টি ও বন্যার পূর্বাভাস থাকায় নদী ও হাওরের পানি আবারও বৃদ্ধি পেতে পারে।

কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ৫৯ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে, যার পরিমাণ প্রায় ১ লাখ ৩২ হাজার ৪১৮ হেক্টর। তবে প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যে ১৫ হাজার ৩৫৩ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। যদিও হাওর আন্দোলনের নেতারা দাবি করেছেন, প্রকৃত ক্ষতির পরিমাণ সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।

হাওর তীরের কৃষকরা জানিয়েছেন, গত রোববার থেকে বুধবার পর্যন্ত চরম বৈরী আবহাওয়ার পর বৃহস্পতিবার ও শুক্রবার কাজের কিছুটা সুযোগ মিললেও রাতের বৃষ্টিতে পরিস্থিতি আবারও বদলে গেছে। রোদ না থাকায় কৃষকেরা ধান শুকানোর বড় সমস্যায় পড়েছেন এবং স্তূপ করে রাখা ধান অনেক জায়গায় পচতে শুরু করেছে।