যশোরে যথাযোগ্য মর্যাদায় মে দিবস উদযাপন

জেলা প্রশাসনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করে।

0
যশোরে মে দিবস উদযাপন
যশোরে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে র‌্যালি বের হয়

স্টাফ রিপোর্টার, লোকসমাজ: যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা প্রশাসনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করে।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা, চেক বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোরে শ্রমিক দিবস উদযাপন
যশোরে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্সের সম্পাদক তানভীরুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ যশোরের আহ্বায়ক মাহবুবুর রহমান মজনু এবং শ্রমিক দল যশোর জেলা শাখার সভাপতি শেখ আবু জাফর। স্বাগত বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহা পরিদর্শক আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “মে দিবসে নানা কর্মসূচি পালিত হলেও দিন শেষে শ্রমিকদের প্রাপ্তি কতটুকু—সে প্রশ্ন থেকেই যায়। দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ায় শ্রমিকদের প্রত্যাশাও বেড়েছে।”
তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে এবং এ সময়ে গার্মেন্টস খাতে শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধ হওয়ায় শ্রমিকদের রাস্তায় নামতে হয়নি।
শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু বলেন, ৭ কোটি শ্রমিকের মধ্যে এক তৃতীয়াংশ নারী। কিন্তু তারা মজুরি পান পুরুষের চেয়ে কম। এ বৈষম্য দূর করতে হবে। নির্মাণ শ্রমিকরা ঝুঁকির মধ্যে কাজ করেন। প্রায় দুর্ঘটনা ঘটে এ জন্য। তাদের কাজের ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
তিনি শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবি করে বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত শ্রমিকরা।
আলোচনা সভা শেষে শ্রমিকদের মাঝে চেক বিতরণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়।
এদিকে, মে দিবস উপলক্ষে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখাও আলোচনা সভার আয়োজন করে। সকাল ১১টায় শহরের নীলরতন ধর রোডে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য নাজিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু এবং জেলা সম্পাদক তসলিম উর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।