ডিপিএলে ক্রিকেটারদের জন্য বিসিবির ফিটনেস-সম্মত খাবার ও উন্নত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের ঘোষণা

0
মিরপুরে ডিপিএলের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন মৌসুমে ক্রিকেটারদের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সুরক্ষায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এত দিন ডিপিএলের দলগুলো নিজস্ব ব্যবস্থাপনায় দুপুরের খাবারের আয়োজন করত, যেখানে মেনুতে প্রায়ই ভাত, আলু ভর্তা ও গরুর মাংসের মতো খাবার থাকত। তবে ক্রিকেটারদের ফিটনেস বজায় রাখতে এখন থেকে বিসিবি নিজেই স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করবে।

শনিবার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এই নতুন উদ্যোগের কথা জানান। তিনি উল্লেখ করেন, ঘরোয়া লিগের ক্রিকেটারদের জন্য হুট করে দীর্ঘদিনের খাদ্যাভ্যাস বদলে ফেলা কঠিন হলেও খাবারের গুণগত মান এবং স্বাস্থ্যসম্মত রান্নার বিষয়ে বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

খাবারের পাশাপাশি ক্রিকেটারদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি। গত আসরে মাঠে থাকাকালীন তামিম ইকবালের অসুস্থ হওয়ার অভিজ্ঞতার প্রেক্ষিতে এবার প্রতি ভেন্যুতে আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে। প্রিমিয়ার লিগের ছয়টি ভেন্যুর জন্য পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হবে বলে বিসিবি প্রধান নিশ্চিত করেছেন। এ ছাড়া লিগের স্বচ্ছতা বজায় রাখতে এবারের আসর থেকে আইসিসির দুর্নীতিবিরোধী নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করা হবে। উল্লেখ্য, আগামী ৪ মে থেকে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে।