দেশজুড়ে বজ্রপাতের তাণ্ডব: ৭ জেলায় শিশু ও নারীসহ অন্তত ১৪ জনের মৃত্যু

0
সপ্তাহব্যাপী তাপপ্রবাহের পর বৃষ্টি নামলেও বজ্রপাতের ঝড়ে বিধ্বস্ত জনপদ।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

দেশের সাত জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও আকস্মিক বজ্রপাতে গাইবান্ধায় ৫ জন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে ২ জন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে ১ জন করে প্রাণ হারিয়েছেন। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তীব্র তাপপ্রবাহের পর আজ ঢাকাসহ বিভিন্ন বিভাগে বৃষ্টি শুরু হলেও তা মৃত্যুর বিষাদ নিয়ে আসে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটায় বজ্রপাতে শিশুসহ পাঁচজন মারা গেছেন। সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা গ্রামে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে ফুয়াদ চৌধুরী (১০), রাফি চৌধুরী (১৫) ও মিজান মিয়া (২০) নামের তিন তরুণের মৃত্যু হয়। ফুলছড়িতে মানিক মিয়া (২৫) এবং সাঘাটায় ছাগল দেখতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান নম্বার আলী (৬৫)। এসব ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একটি গবাদি পশুর মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক ঘটনায় লাবণী আক্তার (৩৫) ও ইলিয়াশ আলী (৩৭) মারা গেছেন। দুজনেই মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতের শিকার হন। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় ধান স্তূপ করার সময় এবং মাঠে কাজ করার সময় হোসেন আলী সেখ (২৫) ও কৃষক আবদুল হামিদের (৫০) মৃত্যু হয়েছে। জামালপুর সদর ও মেলান্দহ উপজেলায় বজ্রপাতে মর্জিনা বেগম (২২) ও হাসমত আলী (৪৫) মারা গেছেন। এসব ঘটনায় আরও চারজন আহত এবং পাঁচটি গবাদি পশু মারা গেছে।

এছাড়া পঞ্চগড়ের আটোয়ারীতে চা-পাতা তুলে ফেরার পথে নববিবাহিত শ্রমিক সোহরাওয়ার্দী (২২), নাটোরে ধান কাটার সময় শ্রমিক সম্রাট হোসেন (২৬) এবং বগুড়ার গাবতলীতে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে কৃষক সুমন (৩৫) বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের বাকি দিনগুলোতে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, যা চলমান তাপপ্রবাহ কমাতে সাহায্য করবে।