পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ, নীতিমালা পরিবর্তনের নির্দেশ

0
পাবলিক পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কারের পুরোনো প্রথা বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী।। ছবি: সংগৃহীত

পাবলিক পরীক্ষায় দীর্ঘদিনের প্রচলিত ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’-এর বিতর্কিত নিয়মটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আজ শনিবার সচিবালয়ে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন এবং দ্রুততম সময়ের মধ্যে এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের নির্দেশ প্রদান করেন।

এবারের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) এবং সমমানের পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে আয়োজন নিশ্চিত করতে আজ শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। সভায় ‘নীরব বহিষ্কারের’ বিষয়টি উত্থাপিত হলে তিনি জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনেও এমন কোনো বিধান নেই। মূলত ১৯৬১ সালের একটি পুরোনো নীতিমালার ধারা অনুযায়ী এটি চলে আসছিল।

শিক্ষামন্ত্রী বলেন, “পরীক্ষাসংক্রান্ত কোনো বিধিতে ‘আনডিউ’ বা অযৌক্তিক কিছু থাকতে পারে না। বর্তমান সময়ে পরীক্ষাকেন্দ্রে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই, তাই এই পুরোনো নীতিমালা এখন আর প্রযোজ্য হতে পারে না।” সভায় সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে তিনি এই প্রথাটি স্থায়ীভাবে বাতিলের জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।