চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে এক স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পৃথক সময়ে দুই উপজেলার মাঠ কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের মৃত রেজাউল হোসেনের ছেলে রাসেল হোসেন (২৫) এবং দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে ও দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আজিমুদ্দিন (১৫)।

স্থানীয় সূত্র ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি গোছাতে গিয়েছিলেন রাসেল হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসিফা আনজুম হিমু জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রাসেলের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে মাঠে কাজ করা বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলেন স্কুলছাত্র আজিমুদ্দিন। পথিমধ্যে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের কবলে পড়ে সে। ঘটনাস্থলেই আজিমুদ্দিনের মৃত্যু হয়।

ইউপি সদস্য খাইরুল বাশার জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনার একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি তারা অবগত রয়েছেন।