চুয়াডাঙ্গায় অবৈধ তেল মজুত; ফিলিং স্টেশন ম্যানেজারসহ ২ জনের কারাদণ্ড

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে এক ফিলিং স্টেশন ম্যানেজারসহ দুই ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বালিহুদা বাজার ও স্থানীয় একটি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বালিহুদা বাজারের আতিয়ার রহমানের মুদি দোকানে তল্লাশি চালানো হয়। সেখান থেকে অবৈধভাবে মজুত রাখা ৫ লিটার ডিজেল উদ্ধার করে আভিযানিক দল। পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০ ধারায় আতিয়ার রহমানকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে টাস্কফোর্স দল পিয়াস ফিলিং স্টেশনে অভিযান চালায়। সেখানে অবৈধভাবে তেল মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পাওয়ায় ম্যানেজার নজরুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন সংবাদমাধ্যমকে জানান “জ্বালানি তেলের অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আজকের অভিযানে অপরাধীদের হাতেনাতে ধরে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। অভিযানে ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান এবং জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।