চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

0
ডিজিটাল ম্যাপে মধ্যপ্রাচ্যের সেই মার্কিন ঘাঁটিগুলো, যা চীনা স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করেছে ইরান।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

ইরান গোপনে চীনের একটি শক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি) এক অনুসন্ধানী প্রতিবেদনে ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাত দিয়ে এই দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষের দিকে চীন থেকে উৎক্ষেপণ করা ‘টিইই-০১বি’ নামক এই স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছানোর পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ‘আর্থ আই কো’ নামক চীনা প্রতিষ্ঠানের তৈরি এই স্যাটেলাইটটি ব্যবহারের জন্য আইআরজিসি প্রায় ৩ কোটি ৬৬ লাখ ডলারের চুক্তি করে। আধা মিটার রেজোল্যুশনে ছবি তুলতে সক্ষম এই স্যাটেলাইটটি ইরানের আগের ‘নূর-৩’ স্যাটেলাইটের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। এর মাধ্যমে মার্কিন সামরিক ঘাঁটির খুঁটিনাটি পর্যবেক্ষণ এবং হামলার ক্ষয়ক্ষতি যাচাই করছে তেহরান।

রেকর্ড অনুযায়ী, গত মার্চ মাসে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলার আগে ও পরে এই স্যাটেলাইটটি ছবি তুলেছিল। এছাড়া জর্ডান, বাহরাইন, ইরাক ও কুয়েতের মার্কিন ঘাঁটিসহ ওমানের ডুকম বন্দর এবং আরব আমিরাতের বেসামরিক স্থাপনাও এর নজরদারিতে ছিল। সাবেক সিআইএ বিশ্লেষকদের মতে, চীনের গ্রাউন্ড স্টেশন ব্যবহার করায় ইরান হামলার ঝুঁকি ছাড়াই বিশ্বজুড়ে এই নেটওয়ার্ক পরিচালনা করছে। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে একে ‘গুজব’ বলে দাবি করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানকে সামরিক সহায়তা দিলে চীনকে বড় সমস্যায় পড়তে হবে।