ভারতে তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণ; নিহত ১৪, আহত ২০

0
বয়লার টিউব বিস্ফোরণে লন্ডভন্ড ছত্তিশগড়ের বিদ্যুৎকেন্দ্র।। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের শক্তি জেলায় বেদান্ত লিমিটেডের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ১৪ জন শ্রমিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, শক্তি জেলার সিংহিতারাই গ্রামে অবস্থিত ওই বিদ্যুৎকেন্দ্রের একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। শক্তি থানার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, বিস্ফোরণের খবর পেয়েই পুলিশ ও জেলা প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে দ্রুত শক্তি ও রায়গড়ের নিকটবর্তী হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের সময় কর্মরত কয়েকজন শ্রমিক ভেতরে আটকা পড়েছিলেন।

বেদান্ত বিদ্যুৎকেন্দ্রের এক মুখপাত্র জানিয়েছেন, প্ল্যান্টের ওই বয়লার ইউনিটটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল উপঠিকাদারি প্রতিষ্ঠান এনজিএসএল। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ঘটনাটিকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন এবং নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।