ঝিকরগাছায় ট্রান্সফরমার চোরচক্রের ২ সদস্য আটক, স্থানীয়দের গণপিটুনি

0
ছবি: লোকসমাজ।

যশোরের ঝিকরগাছায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নের কাশিপুর বাজারে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- খুলনার দিঘলিয়া উপজেলার সিরাজুল ইসলামের পুত্র মাসুম বিল্লাহ (২৮) ও যশোর সদর উপজেলার রাজারহাট সীতারামপুর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে কাশিপুর বাজার সংলগ্ন মল্লিকপুর মাঠের একটি পানবরজের পাশে কৃষক শাহিনুর রহমানের সেচপাম্পের ট্রান্সফর্মার চুরির চেষ্টা করছিল ওই চক্রটি। টের পেয়ে কৃষক শাহিনুর তাদের ধাওয়া করেন। পরে কাশিপুর বাজারের নৈশপ্রহরী গাজীউর রহমান ও স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদেরকে টাওয়ারের ব্যাটারি ও কেবল চোর হিসেবে দাবি করেছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ এবং ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোলাম কাদির জানান, আটককৃতরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া (মামলা) চলছে।

ভুক্তভোগী কৃষক শাহিনুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে কাশিপুর, মল্লিকপুর, পদ্মপুকুর, চাপাতলা, মির্জাপুর ও দোস্তপুর এলাকায় একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এতে সেচ কাজ ব্যাহত হওয়ায় চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা।

এই চোরচক্রের মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।