যশোরে উন্নয়নের চাকা সচল হবে প্রধানমন্ত্রীর আগমনে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
শার্শার উলাশী খাল পুনঃখনন প্রকল্পের প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এর মাধ্যমে যশোরের থমকে যাওয়া উন্নয়নের চাকা পুনরায় সচল হবে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনীস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। সফরসূচি অনুযায়ী, তিনি যশোর বিমানবন্দর থেকে সরাসরি উলাশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। উল্লেখ্য, এই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খনন করেছিলেন। এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজের নবনির্মিত ৫০০ শয্যার হাসপাতালের উদ্বোধন করবেন। সময় সাপেক্ষে প্রধানমন্ত্রী যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন ও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আজ কালেক্টরেট সভা কক্ষে দপ্তর প্রধান ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের সাথে সমন্বয় সভা করেছেন প্রতিমন্ত্রী।

জ্বালানি তেলের বৈশ্বিক সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “বৈশ্বিক সংকটের আঁচ বাংলাদেশে লাগলেও সরকার জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করছে। বর্তমানে সেচ মৌসুম চলায় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।” মেডিকেল কলেজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শার্শার উলাশী খাল পুনঃখনন এলাকা পরিদর্শনে যান।